17 September 2026
কুকুরের উৎপাত নিয়ে ৬ মাসেও ব্যবস্থা নেই, কর্মকর্তার টেবিলে দিলেন কুকুর

বারবার লিখিত ও মৌখিক অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার না পাওয়ার অভিযোগে অভিনব প্রতিবাদ করেছেন ভারতের শিবসেনা (ইউবিটি) যুব শাখার কর্মীরা। নগর পঞ্চায়েতের প্রধান কর্মকর্তার কার্যালয়ে ঢুকে তার কাজের টেবিলের ওপর বস্তাবন্দী চারটি পথকুকুর ছেড়ে দেন তারা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিক জেলার নিফাদ নগর পঞ্চায়েত দপ্তরে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি ভাইরাল হওয়া একটি ভিডিওর বরাতে এ তথ্য জানিয়েছে।
ভিডিওতে দেখা যায়, শিবসেনার যুব শাখার জেলা প্রধান বিক্রম রনধাভে একটি বস্তার মুখ খুলে কর্মকর্তার টেবিলের ওপর একটি কুকুর ছেড়ে দিচ্ছেন। আকস্মিক ঘটনায় আতঙ্কিত হয়ে চেয়ার ছেড়ে উঠে যান নগর পঞ্চায়েতের প্রধান কর্মকর্তা ধীরজ ভামরে। এরপর একে একে আরও তিনটি পথকুকুর কক্ষের ভেতর ছেড়ে দেওয়া হয়।
কুকুরগুলো ছেড়ে দেওয়ার পর প্রতিবাদকারীদের সঙ্গে কর্মকর্তার তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।
বিক্রম রনধাভের অভিযোগ, গত ছয় মাস ধরে ছবি ও সুনির্দিষ্ট তথ্যসহ পথকুকুরের উৎপাতের বিষয়ে অভিযোগ জানানো হলেও প্রধান কর্মকর্তা কোনো ব্যবস্থা নেননি।
প্রতিবাদকারীদের দাবি, এলাকায় পথকুকুরের তাড়া ও কামড়ের আতঙ্কে ছোট শিশু থেকে শুরু করে সাধারণ মানুষ ভুগছেন। বিশেষ করে গণেশ উৎসব চলাকালে এ সমস্যা আরও বেড়েছে বলে অভিযোগ তাদের।
রনধাভে বলেন, জনসাধারণের সমস্যার সমাধানের পরিবর্তে কর্মকর্তা টেন্ডারের কাজে ব্যস্ত থাকায় তারা এ ধরনের প্রতিবাদ করতে বাধ্য হয়েছেন।
শিবসেনার যুব নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী আট দিনের মধ্যে নিফাদ এলাকায় পথকুকুর নিয়ন্ত্রণে স্থায়ী ব্যবস্থা নেওয়া না হলে নগর পঞ্চায়েত দপ্তরে আরও বেশি সংখ্যক কুকুর ছেড়ে দেওয়া হবে।
