18 September 2026
দেশে হামে মৃত্যু ১ হাজার ৪৮, নতুন শনাক্ত ৫২ জন

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৪৮ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং সন্দেহজনক হামে ৯৪৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক হামে মারা গেছে দুজন। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে হাম-সংক্রান্ত রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৭২৫ জন। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৩৯৫ জনের।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫২ জনের। একই সময়ে সন্দেহজনক রোগী পাওয়া গেছে ১ হাজার ২৪৫ জন।
বিভাগভিত্তিক হিসাবে নিশ্চিত হামে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৬৩ জনের মৃত্যু হয়েছে। বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, সন্দেহজনক হামে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে—৪২৬ জন। এ ছাড়া সিলেটে ১৬৫, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭৪, বরিশালে ৫৯, খুলনায় ৪০ এবং রংপুরে ১৪ জনের মৃত্যু হয়েছে।
গত ১০ এপ্রিল থেকে দেশে চলমান হাম পরিস্থিতিতে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৪৮ জনে দাঁড়িয়েছে।
