মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Saturday, 19 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
18 September 2026
অন্যান্য

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই দিনে কাফরুল থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত যাত্রাবাড়ী, মালিবাগ, আগারগাঁও, মহাখালী, বাবুবাজার, বঙ্গবাজার, গুলিস্তান ও মগবাজারসহ বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

ককটেল বিস্ফোরণের ঘটনায় যাত্রাবাড়ীতে এক রিকশাচালক আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত এসব ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর মালিবাগের ফরচুন শপিং মলের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পরে সন্ধ্যা ৬টার দিকে মহাখালী ও আগারগাঁওয়ে পৃথক বিস্ফোরণের ঘটনা ঘটে। মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়। প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন সড়কে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। এতে এক রিকশাচালক আহত হন।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই মো. হাসানুর জানান, থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রাথমিকভাবে এগুলো ককটেল বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত জানতে তদন্ত চলছে।

এরপর রাত ৯টা ১০ মিনিটের দিকে মগবাজার চৌরাস্তা জামে মসজিদের পাশে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া বাবুবাজার, বঙ্গবাজার ও গুলিস্তান এলাকাতেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, রাজধানীর বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

কাফরুল থানার সামনে বাসে আগুন
এদিকে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাফরুল থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মিরপুর সুপার লিংক মালিক সমিতির একটি যাত্রীবাহী বাসে আগুন জ্বলছে। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব ১১-৭২৩৭।

আগেও রাজধানীতে ককটেল বিস্ফোরণ
এর আগে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রথমে জগন্নাথ হলের গেট এলাকায় পরপর দুটি বিস্ফোরণ হয়। কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ছাড়া ওই দিন দুপুরে চলন্ত মোটরসাইকেল থেকে সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গেটের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।