19 September 2026
বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি, গণতন্ত্রের জন্য থ্রেড।’
তিনি বলেন, লং মার্চে তারা যে মুখরোচক স্লোগান দিচ্ছেন ‘তেল দে, গ্যাস দে, বিদ্যুৎ দে নইলে গদি ছেড়ে দে’। এই স্লোগান হাসিনার বিরুদ্ধে মানায়, ফ্যাসিবাদের সরকারের বিরুদ্ধে মানায়। কিন্তু ৬ মাসের সরকারের বিরুদ্ধে এই স্লোগান মানায় না।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরের টাউন হল মিলনায়তনে মানব কল্যাণ ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ্যানি বলেন, ‘আমির সাহেব সংসদে বলেছেন তেল, গ্যাস, বিদ্যুতের সমস্যা একদিনের না এটি বহুদিনের আগের সমস্যা। এই সমস্যা আমাদের সকলকে মিলে সমাধান করতে হবে। তাহলে আবার বাহিরে লং মার্চ কেন?’
বিরোধীদলকে উদ্দেশ্যে করে মন্ত্রী বলেন, ‘আপনারা বলছেন দেশটাকে নতুন করে গড়বেন। এটি তো একার বিরোধীদলের পক্ষে সম্ভব না। সরকারীদল-বিরোধীদল সকলকে মিলেই দেশটাকে গড়তে হবে। সরকারকে সুযোগ করে দিতে হবে। তা হলেই দেশটাকে নতুন করে গড়ে তোলা সম্ভব।’
তিনি আরও বলেন, ‘আমরাও তো ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। মিছিল, মিটিং করেছি। আমরা কি শুরুতেই এসব লং মার্চ করেছি। তিনারা সংসদে ভালো ভালো কথা বলে বাহিরে লং মার্চ করছে। এটি ফ্যাসিবাদের সরকার না। আবার ফ্যাসিবাদের সরকারের পালিত বিরোধীদল না। আমরা সবাই নির্বাচন এটি আমাদের সকলেকে মনে রাখতে হবে। আপনাদের কর্মকাণ্ডের কারণে ফ্যাসিবাদ যেন ফিরে আসতে না পারে সে দিকে সজাগ থাকতে হবে।’
লক্ষ্মীপুর মানব কল্যাণ ফাউন্ডেশনে সভাপতি মো. আবদুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, প্রফেসর মুহাম্মদ মনজুরুর রহমান, ননী গোপাল ঘোষ, মো. ইউসুফ, মো. আনোয়ার হোসেন, বিএনপি নেতা আবুল হাসেম, জামায়াত নেতা ফারুক হোসাইন নুরনবীসহ আরও অনেকে।
