মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Sunday, 20 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
20 September 2026
অন্যান্য

রাজধানীর ২০০টির বেশি স্থানে পুলিশ চেকপোস্ট, চলছে কড়া তল্লাশি

ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনার পর রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে বসানো হয়েছে ২০০টির বেশি চেকপোস্ট। এসব স্থানে যানবাহন থামিয়ে চালক, যাত্রী ও গাড়ির কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি সন্দেহ হলে তল্লাশি করা হচ্ছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর সাতটি গুরুত্বপূর্ণ স্থানে ১৪টি ককটেল বিস্ফোরণ এবং কাফরুল থানার সামনে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে নগরজুড়ে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি। মালিবাগ থেকে আগারগাঁও, মহাখালী থেকে যাত্রাবাড়ী এবং বাবুবাজার থেকে মগবাজারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, নগরবাসীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফ্লাইওভার ও প্রবেশপথে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। সন্দেহজনক যানবাহনে নিবিড় তল্লাশির পাশাপাশি মোটরসাইকেলের ওপরও বিশেষ নজর রাখা হচ্ছে।

চেকপোস্টগুলোতে মোটরসাইকেল থামিয়ে চালকদের কাগজপত্র ও যানবাহনের বৈধতা যাচাই করা হচ্ছে। পুলিশের ভাষ্য, অবৈধ মোটরসাইকেল চলাচল বন্ধের পাশাপাশি এগুলো ব্যবহার করে যাতে কোনো ধরনের নাশকতা বা অপরাধ সংঘটিত না হয়, সে বিষয়েও নজর রাখা হচ্ছে।

চেকপোস্টের পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল প্যাট্রল, ফুট প্যাট্রল ও হোন্ডা প্যাট্রল বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জোরদার করা হয়েছে পিকেট ডিউটিও।

নিরাপত্তাব্যবস্থায় থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং এপিবিএনের সদস্যদেরও মাঠে রাখা হয়েছে। নাশকতা ও বড় ধরনের অপরাধ প্রতিরোধে এসব ইউনিট সমন্বিতভাবে কাজ করছে।

ডিএমপি জানিয়েছে, নগরীর প্রতিটি বিভাগকে সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে।