মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Sunday, 20 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
20 September 2026
অন্যান্য

‘একটার চুল পানিতে ভাসে, তুলতে গিয়ে দেখি আরেকটার পা আলাদা’

পটুয়াখালীতে ঢাকাগামী ইমরান ট্রাভেলসের একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। নিহত চারজনই অটোরিকশার যাত্রী বলে স্থানীয়রা জানিয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে পটুয়াখালী সদর উপজেলার বসাক বাজারসংলগ্ন ধলু গাজীর মোড় এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বরগুনার তালতলী থেকে প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল ইমরান ট্রাভেলসের বাসটি। রাত পৌনে ১২টার দিকে ধলু গাজীর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাস ও অটোরিকশা দুটিই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। এ সময় খাদ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ভাষ্য, নিহত সবাই অটোরিকশাটির যাত্রী।

দুর্ঘটনার পরও উদ্ধার অভিযান চলছিল। পুলিশের রেকারের সহায়তায় বাস ও অটোরিকশা উদ্ধারের পাশাপাশি পানিতে আরও কেউ আটকে আছেন কি না, তা খুঁজে দেখা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী আসমা বেগম দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরে বলেন, ‘একটা লাশের চুল পানিতে ভাসে, উঠাইতে যাইয়া দ্যাহি আরেকটা লাশের পা আলাদা হইয়া রইছে।’

এদিকে দুর্ঘটনার পর থেকে বাসটির চালক ও সুপারভাইজার পলাতক রয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাসে থাকা প্রায় ৩৫ যাত্রীর মধ্যে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধার অভিযান শেষ হলে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে। নিহতদের পরিচয় শনাক্তের কাজও চলছে।