20 September 2026
মেডিকেল সেন্টার জাকসু জিএসের নাম, প্রশাসনের ফলক প্রত্যাহার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিকেল সেন্টার আধুনিকায়ন প্রকল্প-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানের নামফলকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলামের নাম থাকাকে প্রচলিত রীতির ব্যত্যয় হিসেবে উল্লেখ করে নামফলকটি সরিয়ে নিয়েছে প্রশাসন।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মেহাম্মদ মহিউদ্দিন হতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নামফলটি প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর নামফলকটি সরিয়ে নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "বিভিন্ন স্থাপনার উদ্বোধনী অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তরের 'নামফলক'-এ প্রচলিত নিয়ম অনুযায়ী প্রধান অতিথি বা যিনি উদ্বোধন করেন, শুধু তার নাম লেখা থাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনার নামফলকে প্রচলিত এ রীতি অনুসরণ করা হচ্ছে। তবে জাকসুর 'জাবি মেডিকেল সেন্টার আধুনিকায়ন প্রকল্প ২০২৬ ' উদ্বোধন সম্পর্কিত নামফলকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামের পাশাপাশি জাকসুর সাধারণ সম্পাদকের নামও উল্লেখ করা হয়েছে। এটি প্রচলিত রীতির ব্যত্যয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নামফলকটি প্রত্যাহারের সিদ্বান্ত গ্রহণ করা হলো । এ বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে অবহিত করা হবে।"
এ বিষয়ে জাকসুর সদ্য সাবেক জিএস মাজহারুল ইসলাম বলেন, এ ধরনের প্রকল্পে সংশ্লিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করা যাবে না এমন কোনো নীতিমালা আমরা দেখিনি। মেডিকেল সেন্টার আধুনিকায়নে আমরা প্রায় ২৫ লাখ টাকার কাজ করেছি। দুটি ইমার্জেন্সি রুম আধুনিকায়ন, ওটি স্থাপন, পেশেন্ট ট্রলি, হুইলচেয়ার ও ১০ লাখ টাকার বেশি মূল্যের ল্যাব সরঞ্জাম দেওয়া হয়েছে। এসব কাজের বিষয়ে উপাচার্য, প্রো-উপাচার্য ও প্রধান চিকিৎসা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছিল এবং তাঁদের অনুমোদনও নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নামফলকে আমার নাম থাকা কোনো স্বীকৃতির বিষয় নয়। নামটি না থাকলেও আমাদের কিছু যায় আসে না। কিন্তু শিক্ষার্থীদের জন্য কাজ করার পর শুধু একটি নাম থাকার কারণে নামফলক সরিয়ে নেওয়া দুঃখজনক। এর পরিবর্তে সবার উচিত শিক্ষার্থীদের জন্য আরও বড় পরিসরে কাজ করা। কোনো প্রশাসনিক বা রাজনৈতিক দ্বন্দ্বের কারণে যেন শিক্ষার্থীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়।সামান্য একটি নামফলককে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন অবস্থান আমাদের কাছে সংকীর্ণ মানসিকতার বহিঃপ্রকাশ বলে মনে হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর জাবি মেডিকেল সেন্টার আধুনিকায়ন প্রকল্প-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে নামফলক বসানো হয়। এতে উদ্বোধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সাথে জাকসুর জিএস মাজহারুল ইসলামের নাম দেয়া হয়।
