মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Monday, 21 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
21 September 2026
অন্যান্য

কনটেন্ট ক্রিয়েটরদের ডেঙ্গু ঠেকাতে মাঠে নামার আহ্বান

এডিস মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন শুরু হয়েছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত এ প্রচারণায় সাধারণ নাগরিকের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

সোমবার (২১ সেপ্টেম্বর) এক বার্তায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগ কিংবা কীটনাশক ছিটিয়ে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন মানুষের ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা এবং সক্রিয় অংশগ্রহণ।

সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, সঠিক সময়ে প্রয়োজনীয় তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ ডেঙ্গুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ড. মুহিত বিশেষ করে তরুণ সমাজ, কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সারদের এগিয়ে আসার আহ্বান জানান। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ভিডিও, রিলস, স্টোরি, ইনফোগ্রাফিক ও পোস্ট তৈরি এবং শেয়ারের মাধ্যমে প্রচারণায় অংশ নিতে তাদের প্রতি আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এরই মধ্যে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে বেশ কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর যুক্ত হয়েছেন বলেও জানানো হয়েছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি পরিষ্কার রাখা, ডেঙ্গুর উপসর্গ সম্পর্কে জানা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার মতো গুরুত্বপূর্ণ বার্তাগুলো সৃজনশীল কনটেন্টের মাধ্যমে সহজেই মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব।

আগামী তিন মাসের এই ডিজিটাল ক্যাম্পেইনে সামাজিক যোগাযোগমাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ডেঙ্গুর লক্ষণ ও প্রাথমিক করণীয়সহ বিভিন্ন সচেতনতামূলক তথ্য প্রচার করা হবে।

একই সঙ্গে নাগরিকদের নিজ নিজ বাড়ি, আঙিনা ও কর্মস্থল পরিষ্কার রাখার পাশাপাশি অনলাইনেও সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।