21 September 2026
নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা ও খাল পুনঃখনন অভিযান

শেরপুরের নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পৌর এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খাল পুনঃখনন অভিযান পরিচালনা করেছে নালিতাবাড়ী পৌরসভা।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পৌর শহরের সরকারবাড়ী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে পৌর এলাকার খালের বিভিন্নস্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা দূর করতে খাল পুনঃখননের কাজ করা হয়।
পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার বংশ বিস্তার রোধে যেসব স্থানে পানি জমে থাকার সম্ভাবনা রয়েছে, সেসব স্থান পরিষ্কার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আব্দুল মালেক, পৌরসভার সচিব আব্দুল ওয়াদুদ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পৌর প্রশাসক মো. আব্দুল মালেক জানান, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি খাল, নালা ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি পৌর এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে পৌরবাসীকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়।
