মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 22 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
21 September 2026
অন্যান্য

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৫৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ছয়জনসহ চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ৯৩ জন, যা চলতি বছরে কোনো এক মাসে সর্বোচ্চ মৃত্যু।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৬২৭ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৬৬ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৬৭ জন ভর্তি হয়েছেন। ঢাকা বিভাগের অন্যান্য এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮১ জন।

এ ছাড়া বরিশালে ২১৭ জন, চট্টগ্রামে ৩১৪, খুলনায় ২৭১, ময়মনসিংহে ৪৩, রাজশাহীতে ১৪৬, রংপুরে ৪১ এবং সিলেটে ৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

দেশে ডেঙ্গুর সবচেয়ে বড় প্রাদুর্ভাব দেখা যায় ২০২৩ সালে। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। একই বছর রোগটিতে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

অন্যদিকে, ২০২৫ সালে ডেঙ্গুতে ৪১৩ জনের মৃত্যু হয় এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন প্রায় ১ লাখ ২ হাজার মানুষ।