মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 22 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
21 September 2026
অন্যান্য

দুশ্চিন্তায় মন ভার? স্বস্তি পেতে করুন ৩ আমল

জীবনে সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, শান্তি-অশান্তি—সবই পাশাপাশি চলে। কখনো জীবন আনন্দে ভরে ওঠে, আবার কখনো দুশ্চিন্তা, দুঃখ কিংবা মানসিক অস্থিরতা গ্রাস করে। দীর্ঘস্থায়ী এই অস্থিরতা মানুষকে ভেতর থেকে দুর্বল করে দিতে পারে, কমিয়ে দিতে পারে ইবাদতে মনোযোগও।

ইসলাম এমন পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা, দোয়া ও তাঁর নিয়ামত স্মরণের শিক্ষা দেয়। কোরআন-হাদিসে বর্ণিত কিছু আমল নিয়মিত চর্চা করলে মুমিনের অন্তরে আল্লাহর স্মরণ ও নির্ভরতার অনুভূতি জাগ্রত হয়। দুশ্চিন্তার সময়ে করতে পারেন এমন তিনটি আমল—

১. বেশি বেশি দোয়া করুন

দোয়া মুমিনের অন্যতম শক্তি। বিপদ, দুঃখ কিংবা দুশ্চিন্তার সময়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া মুমিনের জন্য প্রশান্তির পথ খুলে দেয়।

আল্লাহতায়ালা বলেন, ‘আমি তো (তাদের) কাছেই আছি। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, আমি তার আহ্বানে সাড়া দিই।’
—সুরা আল-বাকারা, ১৮৬

দুশ্চিন্তা ও দুঃখ থেকে মুক্তির জন্য রাসুলুল্লাহ (সা.) একটি দোয়া পড়তেন—

‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, ওয়াল আজাজি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া দালায়িদ দাইনি ওয়া গালাবাতির রিজালি।’

অর্থ: হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে এবং ঋণের বোঝা ও মানুষের নিপীড়ন থেকে।
—সহিহ বুখারি, ২৮২৯

২. আল্লাহর নিয়ামত স্মরণ করুন

দুশ্চিন্তার সময়ে আমরা প্রায়ই সমস্যাগুলোর দিকেই বেশি মনোযোগ দিই। ফলে জীবনে পাওয়া অসংখ্য নিয়ামতের কথা ভুলে যাই। অথচ আল্লাহর অনুগ্রহ ও নিয়ামত স্মরণ করা অন্তরে কৃতজ্ঞতা জাগায় এবং হতাশার পরিবর্তে আশাবাদ তৈরি করে।

আল্লাহতায়ালা বলেন, ‘আর তোমরা আল্লাহর অনুগ্রহ গুনে শেষ করতে পারবে না।’
—সুরা ইবরাহিম, ৩৪

তাই জীবনের সংকটের পাশাপাশি আল্লাহর দেওয়া সুস্থতা, পরিবার, রিজিক, নিরাপত্তা ও অন্যান্য নিয়ামতের কথাও স্মরণ করা উচিত।

৩. আল্লাহর ওপর ভরসা রাখুন

দুশ্চিন্তার সময়ে মুমিনের সবচেয়ে বড় আশ্রয় আল্লাহ। পরিস্থিতি যত কঠিনই হোক, আল্লাহর ওপর তাওয়াক্কুল বা ভরসা রাখার শিক্ষা দিয়েছে ইসলাম।

কোরআনে মুমিনদের একটি গুরুত্বপূর্ণ বাক্য উল্লেখ করা হয়েছে—

‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক!’
—সুরা আলে ইমরান, ১৭৩

এর পরের আয়াতে আল্লাহ বলেন, তারা আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ নিয়ে ফিরে এসেছিল; কোনো অনিষ্ট তাদের স্পর্শ করেনি এবং তারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছিল।
—সুরা আলে ইমরান, ১৭৩–১৭৪

দুশ্চিন্তার মুহূর্তে তাই নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করার পাশাপাশি ফলাফলের জন্য আল্লাহর ওপর ভরসা রাখা জরুরি। আল্লাহর স্মরণ, দোয়া ও তাওয়াক্কুল মুমিনের অন্তরকে দৃঢ় রাখতে সহায়তা করে।