22 September 2026
২০ বছরেও যা হয়নি, সেই কীর্তির দ্বারপ্রান্তে বাংলাদেশ

এশিয়ান গেমসে বাংলাদেশের পদক জয়ের সম্ভাব্য ইভেন্টগুলোর তালিকায় কাবাডির নাম ছিল বেশ নিচের দিকে। তবে এবার সেই কাবাডি দলই পদকের আশা জাগিয়েছে। তবে পদক জিততে হলে তার আগে ২০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সেমিফাইনালে উঠতে হবে বাংলাদেশকে। সেই লক্ষ্য পূরণের খুব কাছেই এখন দলটি।
গতকাল দিনের শুরুতেই রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ ব্যবধানে হারিয়ে গ্রুপ ‘এ’-তে দারুণ সূচনা করে বাংলাদেশ। এরপর চাইনিজ তাইপের বিপক্ষেও হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত ৪৮-৪৭ ব্যবধানে জিতে যায় বাংলাদেশ।
আজ স্বাগতিক জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলেই গ্রুপের সেরা চার নিশ্চিত হবে। আর এর মধ্য দিয়ে ২০ বছর পর এশিয়ান গেমসের কাবাডিতে সেমিফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করবে দলটি।
সর্বশেষ ২০০৬ সালের দোহা এশিয়ান গেমসে সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। এরপর আর কখনো শেষ চারের মঞ্চে উঠতে পারেনি দলটি। তাই আজ জাপানের বিপক্ষে জয় শুধু সেমিফাইনালের টিকিটই নিশ্চিত করবে না, দীর্ঘ দুই দশকের অপেক্ষারও অবসান ঘটাবে।
জাপানের পর গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ভারতের বিপক্ষে। সেই ম্যাচে জয় পেলে গ্রুপসেরা হয়েই সেমিফাইনালে উঠবে বাংলাদেশ।
