মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 22 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
22 September 2026
অন্যান্য

সোনার স্বপ্ন শেষ, ব্রোঞ্জও জিততে পারল না বাংলাদেশ

সোনার আশা গতকালই ভারতের কাছে শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের। তখন লক্ষ্য ছিল অন্তত ব্রোঞ্জ পদকটি জেতা। কিন্তু সেই আশাও পূরণ হলো না। ব্রোঞ্জ ফাইনালে পাকিস্তানের কাছে ৩১ রানের বড় ব্যবধানে হেরে পদকহীন হয়েই ফিরতে হচ্ছে নিগার সুলতানাদের।

পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাফল্যের পাল্লাটাই ভারী ছিল। ২০২৩ সালের এশিয়ান গেমসের ব্রোঞ্জ ফাইনালে পাকিস্তানকে হারিয়েই পদক জিতেছিল বাংলাদেশ। এরপর দুই দলের পরের চার দেখায় তিনবারই জয় পেয়েছিল নিগারদের দল। সবশেষ নারী বিশ্বকাপেও পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।

তাই ব্রোঞ্জ ফাইনালে পাকিস্তানের বিপক্ষে জয়ের প্রত্যাশা ছিল বেশ ভালোই। কিন্তু মাঠের লড়াইয়ে সেই হিসাব পুরোপুরি পাল্টে গেল। মঙ্গলবার নিশ্শিনে টসে জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে বাংলাদেশ শুরু থেকেই চাপে পড়ে যায়। ৭ উইকেট হারিয়ে ১১৪ রানের বেশি এগোতে পারেনি দলটি।

পাকিস্তানের ইনিংসে ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান অধিনায়ক ফাতিমা সানার। ৩০ বলে ৪৫ রানের কার্যকর ইনিংস খেলেন তিনি। তবে ব্যক্তিগত ১ রানেই তাকে ফেরানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সানজিদা আক্তার মেঘলার বলে সানার ক্যাচ নিতে পারেননি দিলারা আক্তার। গুরুত্বপূর্ণ সেই সুযোগটি কাজে লাগাতে পারলে ম্যাচের চিত্র ভিন্নও হতে পারত।

ফাতিমা সানা ছাড়া গুল ফেরোজা ২৩ বলে ৩১, আলিয়া রিয়াজ ২২ বলে ২৫ এবং শাওয়াল জুলফিকার ২৭ বলে ১৭ রান করেন। তাদের ব্যাটে লড়াই করার মতো সংগ্রহ পায় পাকিস্তান।

বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার, স্বর্ণা আক্তার ও রিতু মনি দুটি করে উইকেট নেন। সানজিদা আক্তার মেঘলা শিকার করেন একটি উইকেট।

১৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র চার ওভারের মধ্যেই দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি ফিরে যান। এরপর অধিনায়ক নিগার সুলতানাও ৩০ বলে ২৫ রান করে আউট হন।

একপ্রান্তে লড়াই চালিয়ে যান শারমিন আক্তার। ৪৫ বলে অপরাজিত ৪৬ রান করেন তিনি। কিন্তু অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় বাংলাদেশের জয়ের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসে। স্বর্ণা আক্তার, রিতু মনি ও রাবেয়া খানও দ্রুত ফিরে যান। শেষ পর্যন্ত ১১৪ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল উম্মে হানি। তিন উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা দেন তিনি। তার শুরুর স্পেলেই বাংলাদেশের ভালো শুরুর সম্ভাবনা ভেস্তে যায়। এছাড়া তাসমিয়া রুবাব, ফাতিমা সানা, নাশরা সান্ধু ও আয়েশা জাফর একটি করে উইকেট নেন।

ফলে সোনা তো নয়ই, ব্রোঞ্জও জুটল না বাংলাদেশের কপালে। পাকিস্তানের কাছে হেরে পদক ছাড়াই টুর্নামেন্ট শেষ করতে হলো নিগার সুলতানাদের।