মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 22 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
22 September 2026
অন্যান্য

ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে তরুণী নিহত, আহত ৬

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মালবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাবিবা আক্তার (২০) নামে এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ভূল্লী উপজেলার কুমারপুর মনসুর আলী ফিলিং স্টেশনের সামনে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পঞ্চগড় থেকে ঠাকুরগাঁওয়ের দিকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে ভূল্লীর মুন্সিরহাট থেকে ঠাকুরগাঁওয়ের খোঁচাবাড়ীর দিকে যাওয়া ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা সাতজন আহত হন।

আহতরা হলেন— ভূল্লীর মুজাবর্ণী সরকারপাড়ার এলাকার হাবিবা আক্তার (২০), শাহিনা বেগম (৩৮), মাইশা (১৩), জান্নাত (১১), মেরী বেগম (২৬), নাজমা বেগম (৭০) এবং পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী-ঝলঝলি এলাকার সোহাগ (২৫)।

দুর্ঘটনার খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাবিবা আক্তার মারা যান।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় বোদা হাইওয়ে থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।