মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 23 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
22 September 2026
অন্যান্য

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ

জ্বালানি তেলের দফায় দফায় মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শহরের শহীদি মসজিদ এলাকা থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলের আগে শহীদি মসজিদ এলাকায় আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, সদর উপজেলা আমির মাওলানা কারী নজরুল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ বিল্লাহ।

সমাবেশে জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, ‘জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে পরিবহন ভাড়া, পণ্য উৎপাদন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আরও বাড়বে। এর বোঝা শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপরই পড়বে। তাই অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার করতে হবে।’

তিনি বলেন, জনগণ নির্বাচিত সরকারের কাছে আইনশৃঙ্খলার উন্নতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জানমালের নিরাপত্তা আশা করেছিল। কিন্তু এসব ক্ষেত্রে সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

রমজান আলী আরও বলেন, দ্রব্যমূল্যের চাপে শ্রমিক, কৃষক, রিকশাচালক ও দিনমজুরসহ নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন। তাদের কথা বিবেচনায় নিয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনগণের অধিকার নিশ্চিত করার দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মো. আজিজুল হক, সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী মো. সাইফুল্লাহ, বাইতুলমাল সম্পাদক এম এইচ লোকমান, মাওলানা এ কে এম ছানাউল্লাহসহ জেলা, উপজেলা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।