মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 23 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
23 September 2026
অন্যান্য

পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর

নতুন জাতীয় পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরও একটি সুখবর দিয়েছে সরকার। সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) ও প্রদেয় ভবিষ্য তহবিলের (সিপিএফ) জমার বিপরীতে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য মুনাফার হার নির্ধারণ করা হয়েছে। এতে তহবিলের স্থিতি অনুযায়ী সর্বোচ্চ ১৩ শতাংশ পর্যন্ত মুনাফা পাবেন সরকারি কর্মচারীরা।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-১ শাখা থেকে সোমবার (২১ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থবছরের শুরুতে জিপিএফের স্থিতি ১৫ লাখ টাকা পর্যন্ত হলে মুনাফার হার হবে ১৩ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত স্থিতির ক্ষেত্রে ১২ শতাংশ এবং ৩০ লাখ টাকার বেশি স্থিতির ক্ষেত্রে মুনাফার হার হবে ১১ শতাংশ।

একই হারে অর্থবছরে জমা হওয়া চাঁদের ওপরও মুনাফা প্রযোজ্য হবে। অর্থাৎ প্রারম্ভিক স্থিতির ভিত্তিতে জমার ওপর ১৩, ১২ অথবা ১১ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে।

সিপিএফভুক্তদের ক্ষেত্রেও প্রযোজ্য

সিপিএফভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থা, করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্যও মুনাফার হার নির্ধারণ করা হয়েছে। তবে এসব প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিজস্ব আর্থিক বিধিবিধান অনুযায়ী মুনাফার হার নির্ধারণ করা যাবে।

এ ক্ষেত্রে প্রজ্ঞাপনে নির্ধারিত হার সর্বোচ্চ সীমা হিসেবে বিবেচিত হবে এবং প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে মুনাফার হার নির্ধারণ করতে হবে।

জিপিএফ হলো সাধারণ ভবিষ্য তহবিল, যেখানে সরকারি কর্মচারীরা নিয়ম অনুযায়ী বেতন থেকে অর্থ জমা রাখেন। আর সিপিএফ বা প্রদেয় ভবিষ্য তহবিল সাধারণত এমন প্রতিষ্ঠানে চালু থাকে, যেখানে প্রচলিত সরকারি পেনশনব্যবস্থা নেই।

অর্থ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিধিমালার আওতায় নির্ধারিত এ নতুন মুনাফার হার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য কার্যকর থাকবে।

এর আগে সরকার নতুন জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করে। নতুন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা নতুন মূল বেতনের ৪০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৫০ শতাংশ হারে বর্ধিত বেতন পাবেন।

পরবর্তী সময়ে, ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রথম থেকে নবম গ্রেডে ৭০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডে ৭৫ শতাংশ হারে বর্ধিত বেতন দেওয়া হবে। নতুন পে-স্কেলের বাকি অংশ ২০২৭ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।