মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 24 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
23 September 2026
অন্যান্য

কুমিল্লায় ফুটওভার ব্রিজের নিচে বাসচাপায় নারীর মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাস স্টেশন এলাকায় দ্রুতগতির বাসের চাপায় রোকেয়া বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া বেগম উপজেলার মালিগাও ইউনিয়নের কালাসোনা গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোকেয়া বেগম একটি লোকাল বাস থেকে ইলিয়টগঞ্জ বাস স্টেশনে নামেন। এরপর ইলিয়টগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে মাথার ওপর ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও নিচ দিয়ে হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী ‘এশিয়া ট্রান্সপোর্ট’-এর একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক বাস নিয়ে পালিয়ে যায়।

নিহতের মেয়ে লিপি আক্তার জানান, তার মা বড় বোনের বাসা থেকে নিজের বাড়ি ফিরছিলেন। ইলিয়টগঞ্জ বাস স্টেশনে নেমে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া বাসটি তার মায়ের প্রাণ কেড়ে নেয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) ফারুক ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বজনদের খবর দেওয়া হয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে নিচ দিয়ে সড়ক পার হতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঘাতক বাসটি শনাক্ত ও চালককে আটকের জন্য পুলিশি অভিযান চলছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।