মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 23 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
23 September 2026
অন্যান্য

ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদাইয়ের অভিযোগ, আসামি আটক

যশোর সিআইডি মানবপাচার মামলায় নরসিংদী থেকে মোস্তাকিম মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে। তার বিরুদ্ধে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়ায় ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে এক প্রবাসীকে অবৈধভাবে ইন্দোনেশিয়ায় পাঠিয়ে জিম্মি ও নির্যাতনের অভিযোগ রয়েছে। আটক মোস্তাকিম মিয়া নরসিংদীর কান্দাইল এলাকার মোল্লাপাড়ার বাসিন্দা। এ ঘটনায় গত বছরের ১১ নভেম্বর কোতোয়ালি থানায় একটি মানবপাচার মামলা দায়ের করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী জসীম উদ্দীন দীর্ঘদিন মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। এ সময় তাকে অস্ট্রেলিয়ায় ভালো বেতনের চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৮ লাখ টাকার মৌখিক চুক্তি করা হয়। চুক্তির অংশ হিসেবে ভুক্তভোগী অভিযুক্তদের ৪ লাখ ৯০ হাজার টাকা প্রদান করেন।

অভিযোগ অনুযায়ী, পরবর্তীতে জসীম উদ্দীনকে অবৈধভাবে মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ায় পাঠানো হয়। সেখানে তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয় এবং মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বজনদের কাছ থেকে দুটি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ১৬ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। সিআইডির তদন্তে ওই ব্যাংক হিসাবের তথ্যের ভিত্তিতে ইয়াসিন (২৫) ও হুমায়ুন (৩৮) নামে আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তারা আদালতে দেওয়া জবানবন্দিতে পলাতক আসামি আতিকুর হাসানের নাম উল্লেখ করেন।

তদন্ত সংশ্লিষ্ট প্রতিবেদনে বলা হয়েছে, আতিকুর হাসান মালয়েশিয়া থেকে মানবপাচারের অর্থ ওই দুই ব্যাংক হিসাবে পাঠাতেন এবং দেশে তার ভাই মোস্তাকিম মিয়া তা গ্রহণ করতেন। তদন্তে মোস্তাকিমকে এ ঘটনায় অর্থনৈতিক লেনদেনের সঙ্গে যুক্ত দেশীয় এজেন্ট হিসেবে কাজ করার বিষয়ে তথ্য-প্রমাণ পায় সিআইডি।

সিআইডি জানায়, গত ২২ সেপ্টেম্বর রাতে নরসিংদীর মাধবদী থানা পুলিশের সহযোগিতায় মাধবদী-কান্দাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে মোস্তাকিমকে গ্রেফতার করা হয়। পরে তাকে যশোর সিআইডি কার্যালয়ে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।