মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 25 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
24 September 2026
অন্যান্য

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

মাধ্যমিক শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজিয়ে ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে তৃতীয় ঢাকা-চায়না ডে-২০২৬ উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘মাধ্যমিক শিক্ষায় আমরা পুরো শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাচ্ছি। কারিকুলাম পরিবর্তন করছি। ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে।’

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর অগ্রগতি পর্যালোচনায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আরও কঠোর হচ্ছে। বর্তমানে দেশে ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশনের জন্য শক্তিশালী বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করা হয়েছে।

শিক্ষাক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার প্রসঙ্গে মন্ত্রী বলেন, সম্প্রতি মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। শিক্ষার মানোন্নয়নে কীভাবে আরও কাজ করা যায়, তা নিয়ে সরকার কাজ করছে। মোনাশ ইউনিভার্সিটি বাংলাদেশে একটি ক্যাম্পাস স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি।

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আরও উন্নত পরিবেশ তৈরির কথা জানিয়ে এহছানুল হক মিলন বলেন, শিক্ষার উন্নয়নই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। জাতির সাফল্যের চাবিকাঠি শিক্ষা এবং এ ক্ষেত্রে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

শিক্ষা খাতে বাজেট বরাদ্দের কথা উল্লেখ করে তিনি বলেন, আগে এ খাতে জিডিপির মাত্র ১ দশমিক ৩৯ শতাংশ বরাদ্দ ছিল। বর্তমানে বরাদ্দ বেড়েছে। প্রধানমন্ত্রী শিক্ষা খাতে বাজেট ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। পর্যাপ্ত বাজেটের মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থাকে চীন ও পশ্চিমা দেশগুলোর মানে উন্নীত করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

তরুণদের একটি অংশের পথভ্রষ্ট হওয়ার প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রী বলেন, শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, সমাজ পরিবর্তনের জন্যও একটি কার্যকর কর্মসূচি প্রয়োজন। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা খাতই সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, দেশকে ভালোবাসার পাশাপাশি সমাজে নেতিবাচকতার ধারা বন্ধে সবাইকে ভূমিকা রাখতে হবে।