মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 25 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
24 September 2026
অন্যান্য

আবারও মিড ডে মিল খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের খাবার খেয়ে আবারও ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (পলাশবাড়ী) এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সজীব মিয়া।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিল পরিবেশন করা হয়। খাবারের সঙ্গে ডিম দেওয়া হয়েছিল। ডিম খাওয়ার কিছুক্ষণ পরই একে একে শিক্ষার্থীরা পেটব্যথা ও বমি নিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

অভিভাবকদের অভিযোগ, নষ্ট ও পচা ডিম সরবরাহ করার কারণেই শিশুরা অসুস্থ হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানান।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তনিকা আক্তার বলে, "ডিম খাওয়ার পর থেকেই পেটব্যথা শুরু হয়। ডিমটা খেতে ভালো লাগছিল না, মনে হচ্ছিল নষ্ট হয়ে গেছে। অনেকেই স্কুলেই বমি করেছে।"

উল্লেখ্য, এর আগে গত সোমবার (২১ সেপ্টেম্বর) একই উপজেলার চাড়োল ইউনিয়নের মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে প্রায় ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছিল। চার দিনের ব্যবধানে আবারও একই ধরনের ঘটনায় মিড ডে মিলের খাবারের মান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায় বলেন, "শিক্ষার্থীদের দ্রুত সুস্থ করে তুলতে স্থানীয় প্রশাসনসহ আমরা সার্বিক তদারকি করছি।"

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিশাত রায় বলেন, "পেটব্যথা ও বমির উপসর্গ নিয়ে শিশুরা হাসপাতালে এসেছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে কারো অবস্থাই আশঙ্কাজনক নয়।"