মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Saturday, 26 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
25 September 2026
অন্যান্য

চাঁদাবাজির অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী গ্রেপ্তার 

এক পরিচিত শেয়ার ব্যবসায়ীকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে সাড়ে ৫ লাখ রুপি আদায়ের অভিযোগে ভারতের চেন্নাইয়ে টেলিভিশন অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মাইলাপোর এলাকা থেকে ২৮ বছর বয়সী বর্ষিণীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারিক হেফাজতে পাঠানো হয়। এ ঘটনায় জড়িত অভিনেত্রীর অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বর্ষিণী ও তার কয়েকজন বন্ধু শেয়ার ব্যবসায়ী থারুনকে তাদের নির্মাণাধীন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে বিনিয়োগের প্রস্তাব দিয়েছিলেন। তবে ওই প্রস্তাবে রাজি হননি থারুন।

পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত ২২ আগস্ট ভোরে বাইরে থেকে নিজের লজে ফেরার পর বর্ষিণী, তার বন্ধু সঞ্জয় ও আরও দুজন থারুনকে মারধর করেন বলে অভিযোগ। একপর্যায়ে তার কাছ থেকে নগদ ৫০ হাজার রুপি নেওয়া হয়।

এরপর সঞ্জয়ের কাছ থেকে ফোনে ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন থারুন। পরে তিনি বর্ষিণীর ব্যাংক হিসাবে ৩ লাখ রুপি এবং সঞ্জয়ের ব্যাংক হিসাবে ২ লাখ রুপি পাঠান। নগদ ৫০ হাজার রুপিসহ মোট সাড়ে ৫ লাখ রুপি দেওয়ার পরও থারুনকে হুমকি দেওয়া এবং আরও ২৭ লাখ রুপি দাবি করা হয় বলে অভিযোগ।

থারুনের অভিযোগের ভিত্তিতে গুইন্ডি থানার পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে অভিযোগকারীর ব্যাংক হিসাব যাচাই করে পুলিশ বর্ষিণীর ব্যাংক হিসাবেও অর্থ স্থানান্তরের তথ্য পায়।

এরপর মঙ্গলবার মাইলাপোরের বাসিন্দা বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি আইফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রীকে আদালতে হাজির করা হলে বিচারিক হেফাজতে পাঠানো হয়। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।