মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Saturday, 26 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
25 September 2026
অন্যান্য

মিরপুরে হামলা-লুটপাটের ঘটনায় মামলা, আসামি ৫০০

মিরপুর-১ এর ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে শাহ আলী থানায় এ মামলা করা হয়।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অন্তত আড়াইশ’ জনের একটি দল প্রতিষ্ঠানটির নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ব্যাপক ভাঙচুর চালায়। বর্বর এই হামলায় আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকার সম্পদ বিনষ্ট হয়েছে এবং কেন্দ্রটির দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে।

সরেজমিনে শুক্রবার সকালে মিরপুরের রাড্ডা ক্লিনিক ঘুরে দেখা যায়, চিকিৎসা সরঞ্জামসহ ক্লিনিকের বিভিন্ন মালামাল সবকিছু লুটে নেয়া হয়েছে। শুধু তাই নয়, ভাঙচুরের পর সেখানে ‘সমমনা সমবায় সমিতি’র সাইনবোর্ডও টানিয়ে দেয়া হয়েছে।

ক্লিনিক কর্তৃপক্ষের দাবি, মুখে কাপড় বাঁধা কয়েকশ’ দুর্বৃত্ত দারোয়ানকে বেঁধে মারধর করে ক্লিনিকের ভেতরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। ওই সময় ক্লিনিকের সামনে থাকা ১৫টির বেশি দোকানেও ভাঙচুর চালানো হয়। দীর্ঘদিন ধরে ক্লিনিকের জায়গা নিয়ে একটি সমিতির সঙ্গে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ক্লিনিক কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা।

মামলার বিষয়টি নিশ্চিত করে শাহ আলী থানা পুলিশ জানিয়েছে, হামলা ও লুটপাটের ঘটনায় অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ বিষয়ে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, মিরপুর-১ এর ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ প্রায় ২৫ থেকে ২৬ জন চিকিৎসক, নার্স ও স্টাফ কাজ করতেন। দরিদ্র ও অসহায় মানুষকে এই ক্লিনিক থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হতো। ঘটনার পর থেকে এই সেবাও বন্ধ হয়ে গেছে।