মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Saturday, 26 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
25 September 2026
অন্যান্য

জয়পুরহাটে গোসল করতে গিয়ে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আবাদপুর নন্দাহার খালের স্লুইসগেটের পানি থেকে বেলি বিবি (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। নিহত বেলি বিবি আবাদপুর পূর্বপাড়া গ্রামের বাচ্চু সরদারের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বেলি বিবি বাড়ির পাশের নন্দাহার খালের স্লুইসগেট এলাকায় গোসল করতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শুক্রবার ভোরে স্থানীয় এক যুবক মাছ ধরতে গিয়ে স্লুইসগেটের পানিতে মরদেহটি ভাসতে দেখে গ্রামবাসীদের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলের পাশে নিহতের কাপড়, সাবান ও জুতা পড়ে থাকতে দেখা গেছে। নিহতের স্বজনদের দাবি, বেলি বিবি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। গোসল করতে গিয়ে অসুস্থ হয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তারা।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।