মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Sunday, 27 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
26 September 2026
অন্যান্য

২৪ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ঢাবিতে ৩ দিনব্যাপী বিতর্ক উৎসব শুরু

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) ও অ্যাকশনএইড ৩ দিনব্যাপী বার্ষিক বিতর্ক উৎসব শুরু হয়েছে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৪টি দল এতে অংশ নিচ্ছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসব উদ্বোধন করেন।

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মো. সাজিদ হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. আমিরুস সালাত, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবু সালেহ মো. সায়েম এবং অ্যাকশন এইডের নাজমুল আহসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মিফতাহুল জান্নাত রিফাত অনুষ্ঠান সঞ্চালন করেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান গণতান্ত্রিক বাংলাদেশ গঠন এবং অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালনের জন্য তরুণদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, তরুণদের মধ্যে যুক্তিবোধ, সহনশীলতা ও দায়িত্বশীল নেতৃত্বের গুণ তৈরি করতে হবে। পদ-পদবী বা ক্ষমতার পিছনে না ছুটে তাদের আত্মমর্যাদাশীল ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। তিনি আরও বলেন, দেশের স্বার্থে দল-মত নির্বিশেষে সবার মধ্যে ঐক্য গড়ে তোলা প্রয়োজন। এর মাধ্যমে তারা ভবিষ্যতে গণতান্ত্রিক ও যুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বিতর্ক উৎসব আয়োজন করায় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিকে ধন্যবাদ জানান। নিয়মিত বিতর্ক চর্চার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধি পাবে। যুক্তির মাধ্যমে নিজের মত প্রকাশের পাশাপাশি ভিন্নমত গ্রহণের মানসিকতা তৈরি করতে হবে। অন্যের মতামতকে সম্মান জানাতে হবে। সৎ, দেশপ্রেমিক, দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।