মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Sunday, 27 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
26 September 2026
অন্যান্য

ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ব্যাংকক, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা

টানা তিন দিনের ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। পরিস্থিতি মোকাবিলায় নগরীর সব ৫০টি জেলাকে দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট জানান, বৃহস্পতিবার বিকেল থেকে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে নগরীর সড়ক ও খালগুলো পানিতে তলিয়ে গেছে। অনেক বাড়িঘর ও দোকানেও পানি ঢুকে পড়েছে। বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে এবং অনেক গাড়ি পানিতে আটকে পড়েছে।

নগরীর পূর্বাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন গভর্নর। শনিবারও আরও বৃষ্টির পূর্বাভাস থাকায় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। নগর কর্তৃপক্ষ পাম্পের মাধ্যমে দ্রুত পানি সরানোর চেষ্টা করছে। তবে খালগুলো পানিতে পূর্ণ থাকায় পানি নিষ্কাশন কঠিন হয়ে পড়েছে।

পরে থাই সরকার জানিয়েছে, বন্যা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে। তবে নতুন করে বৃষ্টি না হলে জমে থাকা পানি পুরোপুরি নামতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।

বন্যার কারণে বাসিন্দাদের গাড়ি উঁচু জায়গায় সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ব্যাংককের গণপরিবহন কর্তৃপক্ষ গাড়ি রাখার জন্য এমআরটি স্টেশনের ‘পার্ক অ্যান্ড রাইড’ সুবিধা আগামী ২ অক্টোবর পর্যন্ত বিনামূল্যে ব্যবহারের সুযোগ দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, বর্ষাকালে ব্যাংককে ভারী বৃষ্টি ও সাময়িক জলাবদ্ধতা নতুন নয়। তবে এবার টানা বৃষ্টির কারণে নগরীর বিস্তীর্ণ এলাকা একসঙ্গে প্লাবিত হয়েছে। খালের পাশে বসবাসকারী ৬৭ বছর বয়সী এক নারী এএফপিকে জানিয়েছেন, তাঁর ঘরে কোমরসমান পানি উঠেছে এবং দুই দিন ধরে দোকান বন্ধ রাখতে হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এটি আকস্মিক বন্যার চেয়ে দীর্ঘস্থায়ী ভারী বৃষ্টির ফলে সৃষ্ট ব্যাপক জলাবদ্ধতা। পরিস্থিতি স্বাভাবিক করতে পানি নিষ্কাশন কার্যক্রম জোরদার করেছে স্থানীয় প্রশাসন।

সূত্র: আল জাজিরা