মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 29 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
28 September 2026
অন্যান্য

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

নাইক্ষ্যংছড়ি থেকে আনোয়ার হোছাইন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পৃথক মাদকবিরোধী অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। এর মধ্যে বিজিবির অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। অপর অভিযানে পুলিশ ১০ হাজার পিস ইয়াবাসহ মো. নুরুল আমিন (২৭) নামে এক যুবককে আটক করেছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী রেজুপাড়া এলাকায় বিজিবি এবং সদর ইউনিয়নের ফুইট্টা ঝিরি রাস্তার মাথায় পুলিশ পৃথক অভিযান চালায়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৭টা ২ মিনিটের দিকে রেজুপাড়া বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হাঙ্গরঘোনা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অন্যদিকে, একই দিন সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফুইট্টা ঝিরি রাস্তার মাথায় নাইক্ষ্যংছড়ি-চাকঢালা পাকা সড়কে অভিযান চালিয়ে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল আমিনকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, সারা মাসব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান খানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন নুরুল আমিনকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, “মাদকের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা ইয়াবার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

বিজিবি জানায়, উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে ৩৪ বিজিবি।