28 September 2026
এবার বুদ্ধিজীবী কবরস্থানে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল ও পেট্রল বোমাসদৃশ কয়েকটি বস্তু পাওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)-এর একটি বিশেষ দল।
বস্তুগুলো বিস্ফোরক কি না, তা পরীক্ষা করতে ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পাঠানো হচ্ছে। পরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-২-এর সিপিএসসির কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে একটি গাছের গোড়ায় পলিথিনে মোড়ানো অবস্থায় ককটেলসদৃশ কিছু বস্তু রেখে গেছে অজ্ঞাত ব্যক্তিরা।
খবর পাওয়ার পর ঘটনাস্থলের নিরাপত্তায় এসআরবি-২-এর একটি বিশেষ দল পাঠানো হয়। পাশাপাশি বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
হাসান মুহতারিম বলেন, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো পরীক্ষা করবে। এগুলো বিস্ফোরক কি না, তা নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় নিষ্ক্রিয়করণ কার্যক্রম চালানো হবে।
এর আগে সোমবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই জাদুঘরের পেছনে সাবেক বাণিজ্য মেলার মাঠেও ককটেল ও পেট্রল বোমাসদৃশ বেশ কিছু বস্তু পাওয়ার খবর পাওয়া যায়। সেখানে অভিযান চালিয়ে ২০টির বেশি এমন বস্তু উদ্ধার করে এসআরবি-২। পরে এলাকাটি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয় এবং বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে।
