মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 01 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
30 September 2026
অন্যান্য

তিন মাসের মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

চলতি অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকেও নীতিসুদহার সাড়ে ৯ শতাংশে অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৩০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন মুদ্রানীতি ঘোষণা করা হয়। এ সময় মুদ্রানীতির বিভিন্ন দিক ও লক্ষ্যমাত্রা তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান।

এর আগে গত জুনে ঘোষিত মুদ্রানীতিতে নীতিসুদহার ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। পরে জুলাইয়ে তা ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে সাড়ে ৯ শতাংশ করা হয়।

নীতিসুদহার ৯ দশমিক ৫০ শতাংশে রাখার ব্যাখ্যায় হাবিবুর রহমান বলেন, প্রতিযোগী দেশগুলোর তুলনায় এই হার তুলনামূলকভাবে বেশি। ফলে বর্তমান মুদ্রানীতির অবস্থানকে সংকোচনমূলক বলা যায়।

নতুন মুদ্রানীতিতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলোর স্বল্পমেয়াদি ঋণ নেওয়ার সুদহার বা স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) ১১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, কেন্দ্রীয় ব্যাংকে ব্যাংকগুলোর রাখা আমানতের সুদহার বা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) আগের মতো ৭ দশমিক ৫০ শতাংশ রাখা হয়েছে।

ডিসেম্বরের মধ্যে বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা আগের মতো ৬ দশমিক ৮ শতাংশ রাখা হয়েছে। সার্বিক অভ্যন্তরীণ ঋণ প্রবাহের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ দশমিক ৫ শতাংশ।

এ ছাড়া সরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২১ দশমিক ৮ শতাংশ।

গত জুনে মুদ্রানীতি ঘোষণার সময় বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, এখন থেকে প্রতি তিন মাস অন্তর মুদ্রানীতি ঘোষণা করা হবে।