মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 01 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
30 September 2026
অন্যান্য

নালিতাবাড়ীতে কনটেন্ট ক্রিয়েটরকে মারধরের অভিযোগ

শেরপুরের নালিতাবাড়ীতে ফেসবুকে আপলোড করার জন্য ভিডিও তৈরি করার সময় এক কন্টেন্ট ক্রিয়েটরকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং তার প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে।

এই ঘটনায় উপজেলার ভুক্তভোগী কন্টেন্ট ক্রিয়েটর শাহীন মিয়া (৩৮) নালিতাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিনি কলসপাড় ইউনিয়নের গোল্লারপাড় এলাকার বাসিন্দা। অভিযুক্তরা হলেন- উপজেলার নন্নী ইউনিয়নের চেল্লাখালী ব্রীজপাড় এলাকার নুরুল মিয়া (৫২), মন্টু মিয়া (৩৫) ও ইসরাফিল (৫১)। এছাড়া অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নন্নী-বারোমারী সড়কের চেল্লাখালী নদীর ব্রিজের নিচে ভিডিও ধারন করছিলেন শাহীন মিয়া। এ সময় পূর্ববিরোধের জের ধরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করেন। এ সময় তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন বের করে দিতে চাপ দেয়। এতে রাজী না হওয়ায় তাকে গালিগালাজ ও মারধর করা হয়। মারধরের একপর্যায়ে শাহীন মাটিতে পড়ে গেলে তার হাতে থাকা প্রায় ২২ হাজার ৫০০ টাকা মূল্যের একটি ইনফিনিক্স স্মার্টফোন নিয়ে যান অভিযুক্তরা। পরে স্থানীয়রা শাহীনকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, কন্টেন্ট ক্রিয়েটর শাহীন মিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তার অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।