মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Thursday, 01 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
30 September 2026
অন্যান্য

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

দক্ষিণ ও মধ্য এশিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতদের একটি সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ওই সম্মেলনে বাংলাদেশসহ ১১টি দেশের মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানরা অংশ নেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রয়টার্সের বরাতে দ্য হিন্দু বিজনেসলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার নয়াদিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের আয়োজনে ‘অ্যাম্বাসেডরস রিজিওনাল কনফারেন্স’ অনুষ্ঠিত হয়। এতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে দায়িত্ব পালনরত মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানরা অংশ নেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রুবিও বলেন, তিনি ভারতের সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের সঙ্গে কথা বলেছেন।

রুবিও জানান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে।

তিনি আরও বলেন, মার্কিন রাষ্ট্রদূতরা যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে কাজ করছেন।

এদিকে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে উজবেকিস্তান সফরের কথা রয়েছে রুবিওর। এ সফরে শতাধিক মার্কিন কোম্পানির প্রতিনিধিদের নিয়ে একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও তার সঙ্গে থাকবে। সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও মধ্য এশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়া এবং দ্বিপক্ষীয় কূটনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদারের উদ্যোগ নেওয়া হবে।

উজবেকিস্তানের সমরকন্দ সফরের সময় রুবিও ‘সি৫+১’ মন্ত্রী পর্যায়ের বৈঠকেও অংশ নেবেন। এতে কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন।

গত এক দশকে মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে উজবেকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দেশটি বর্তমানে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উঠে এসেছে।