মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Saturday, 03 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
02 October 2026
অন্যান্য

দিনে ৮৪ লাখ নারী পাবেন ফ্রি বাসসেবা, উদ্বোধন মুখ্যমন্ত্রী বিজয়ের

নারী ও ট্রান্সজেন্ডারদের জন্য বিনা মূল্যে বাসে চলাচলের সুবিধা আরও সম্প্রসারণ করেছে ভারতের তামিলনাড়ু সরকার। শুক্রবার গান্ধী জয়ন্তী উপলক্ষে ‘ভেট্রি পায়ানাম থিত্তাম’ প্রকল্পের সম্প্রসারিত কার্যক্রমের উদ্বোধন করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।

উদ্বোধনের অংশ হিসেবে চেন্নাইয়ে বাসে যাত্রা করেন মুখ্যমন্ত্রী। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং নারী যাত্রীদের হাতে নিজে বিনা মূল্যের টিকিট তুলে দেন। বাসে থাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে তার হাস্যরসের মুহূর্তও দেখা যায়। শিক্ষার্থীরা মুখ্যমন্ত্রীকে ডেইরি মিল্ক চকলেট দেন।

তামিলনাড়ু সরকারের তথ্য অনুযায়ী, সম্প্রসারিত এ প্রকল্পের আওতায় প্রতিদিন প্রায় ৮৪ লাখ ৩২ হাজার নারী বিনা মূল্যে যাতায়াতের সুবিধা পাবেন। রাজ্যের সাতটি রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পরিচালিত ১২ হাজার ৬৯৫টি বাসে এ সুবিধা পাওয়া যাবে।

নতুন সম্প্রসারণের ফলে এক্সপ্রেস, ডিলাক্স, মফস্বলের সাধারণ বাস এবং নির্দিষ্ট ঘাট এলাকার বাসসেবাও প্রকল্পটির আওতায় এসেছে। এ সুবিধা পেতে কোনো আয়সীমা নেই। একই সঙ্গে একজন সুবিধাভোগী দিনে কতবার বাসে যাতায়াত করতে পারবেন, তারও কোনো সীমা রাখা হয়নি।

‘ভেট্রি পায়ানাম’ নামটি ক্ষমতাসীন তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) দলের নাম থেকে নেওয়া হয়েছে। এর অর্থ ‘বিজয়ী যাত্রা’। এর আগে প্রকল্পটি নির্দিষ্ট কিছু শ্রেণির বাসে সীমাবদ্ধ ছিল।

পরিবহনমন্ত্রী এ বিজয় তামিলান পার্থিবান বলেন, শিক্ষা, কর্মসংস্থান, জীবিকা ও অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে নারী ও ট্রান্সজেন্ডারদের এগিয়ে যেতে সহায়তা করাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য। পরিবহন ব্যয় যেন তাদের অগ্রগতির পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, যাতায়াতের অধিকারে কোনো ধরনের বৈষম্য থাকা উচিত নয়। নারীকে আরও স্বনির্ভর করে তোলা, তাদের ঘরের বাইরে বেরিয়ে শিক্ষা ও কর্মসংস্থানে অংশগ্রহণ বাড়ানো এবং রাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তাদের অবদান নিশ্চিত করাই এ উদ্যোগের উদ্দেশ্য। পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান ও স্বাস্থ্যসেবায় নারীদের অংশগ্রহণে পরিবহন ব্যয় যেন বাধা সৃষ্টি না করে, সেটিও নিশ্চিত করতে চায় সরকার।

সূত্র- টাইমস অব ইন্ডিয়া