মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Sunday, 04 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
03 October 2026
অন্যান্য

ডেটা গোপনীয়তা মামলায় মেটার কাছে ৪০ বিলিয়ন ডলার জরিমানা চায় নিউ মেক্সিকো

ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে মেটা প্ল্যাটফর্মসের কাছে ৩৫ থেকে ৪০ বিলিয়ন ডলার জরিমানা দাবি করেছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্য।

বৃহস্পতিবার (১ অক্টোবর) একটি শুনানিতে অঙ্গরাজ্যটির আইনজীবীরা বিচারকের কাছে এই জরিমানা আরোপের আবেদন জানান। মামলাটি প্রায় এক দশক আগে আলোচনায় আসা ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত।

২০১৮ সালে প্রকাশ্যে আসা ওই ঘটনায় অভিযোগ ওঠে, ব্রিটিশ রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা একটি তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে প্রায় ৮ কোটি ৭০ লাখ ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য তাদের সম্মতি ছাড়াই সংগ্রহ করেছিল। প্রতিষ্ঠানটি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারাভিযানের সঙ্গেও কাজ করেছিল।

৪ কোটি ৩০ লাখের বেশি আইন লঙ্ঘনের অভিযোগ

নিউ মেক্সিকোর ২০২১ সালের মামলায় অভিযোগ করা হয়, মেটা ব্যবহারকারীদের কাছে তাদের তথ্য কারা ব্যবহার করতে পারে এবং ফেসবুকে ঘৃণাত্মক বক্তব্য ও ভুল তথ্যের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির নীতিমালা কী—এসব বিষয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছিল।

গত ২৫ সেপ্টেম্বর দুই সপ্তাহের বিচার শেষে জুরি ২৯টি বক্তব্যের মধ্যে ২৬টিকে বিভ্রান্তিকর বলে মনে করে। এসব বক্তব্যের ভিত্তিতে নিউ মেক্সিকোর ভোক্তা সুরক্ষা আইন ৪ কোটি ৩০ লাখের বেশি বার লঙ্ঘন হয়েছে বলে জুরি সিদ্ধান্ত দেয়।

এখন প্রতিটি লঙ্ঘনের জন্য কত জরিমানা হবে, তা নির্ধারণ করবেন বিচারক ফ্রান্সিস ম্যাথিউ। আইন অনুযায়ী সর্বোচ্চ জরিমানা হিসাব করলে অঙ্কটি আরও অনেক বড় হতে পারে। তবে নিউ মেক্সিকোর আইনজীবীরা আদালতের কাছে মোট ৩৫ থেকে ৪০ বিলিয়ন ডলার জরিমানা চেয়েছেন। 

মেটার দাবি, জরিমানা হওয়া উচিত ৩.৪৫ বিলিয়ন ডলারের বেশি নয়

নিউ মেক্সিকোর দাবির বিরোধিতা করেছে মেটা। কোম্পানিটির আইনজীবী ম্যাট নিকোলসন আদালতে এই দাবিকে ‘অত্যন্ত বড়’ জরিমানা হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এটি সাংবিধানিক বিভিন্ন বিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে।

আদালতে দেওয়া নথিতে মেটা সর্বোচ্চ ৩.৪৫ বিলিয়ন ডলার জরিমানা নির্ধারণের অনুরোধ করেছে। কোম্পানিটির দাবি, তারা ব্যবহারকারীদের তথ্য বিক্রি করে না এবং মামলার বিচার চলাকালে নিউ মেক্সিকো এমন কোনো প্রমাণও দেখাতে পারেনি যে কোনো ভোক্তা বাস্তবে ওই বক্তব্যগুলোর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। 

বিচারক ম্যাথিউ চলতি মাসের শেষ দিকে এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার আশা প্রকাশ করেছেন। 

মামলাটি নিউ মেক্সিকোর ভোক্তা সুরক্ষা আইন ও ফেসবুকের তথ্য ব্যবস্থাপনা নিয়ে মেটার বিরুদ্ধে চলমান আইনি পদক্ষেপের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির পর ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কীভাবে ব্যবহৃত ও সুরক্ষিত হচ্ছে—সেই প্রশ্নই নতুন করে সামনে এনেছে এই মামলা। 

সূত্র: রয়র্টাস