মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Monday, 26 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
05 October 2026
অন্যান্য

চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১

যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টায় চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত মিজানুরের বাড়ি কুষ্টিয়ার বাটকেমারি গ্রামে।

স্থানীয়রা জানান, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে চৌগাছার বাঘারদাড়ি গ্রামের ইদ্রিস আলীর বাড়ির গোয়ালঘরের পেছনের বাগানে তিন ব্যক্তিকে দেখতে পান বাড়ির লোকজন। এ সময় চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাঁদের ধাওয়া করেন। এতে দুজন পালিয়ে গেলেও মিজানুর রহমানকে স্থানীয়রা ধরে গণপিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন।

গরুর মালিক ইদ্রিস আলী বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়ে তিনি গোয়ালঘরে তিনজনকে তালা ভাঙার চেষ্টা করতে দেখেন। তাঁর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ধাওয়া করে একজনকে আটক করেন। ইদ্রিস আলীর দাবি, এক বছর আগেও তাঁর গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়েছিল।

খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় মিজানুর রহমানকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রেজা উদ্দিন জানান, প্রাথমিকভাবে অতিরিক্ত আঘাতের কারণে শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।