06 October 2026
‘রাবি ছাত্রদল হিজরা ইউনিটে পরিণত হলো’

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সহসভাপতি পদ থেকে বহিষ্কারের পর ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক স্ট্যাটাস দিয়েছেন আহসান হাবিব। এসব পোস্টে তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তের সমালোচনা করার পাশাপাশি সংগঠনের নেতৃত্ব ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তুলেছেন।
সোমবার (৫ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আহসান হাবিব লেখেন, ‘বহিষ্কারের হ্যাট্রিক ট্রফি দিলেন? শিবিরের ক্যান্টনমেন্টে আজ থেকে রাবি ছাত্রদল হিজরা ইউনিটে পরিণত হলো। গুপ্তদের মিডিয়া ট্রায়ালের চাপ সামলাতে না পারলে ছাত্রদল বিলুপ্ত করে দেন।’
তিনি আরও লেখেন, ‘সুশীল রাজনীতি দিয়ে কোনদিন রাবি ক্যাম্পাসে ছাত্রদলকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। কোন সাহসী ছেলে-মেয়ে আর এই সংগঠন করতে আসবেনা। আরও ১০-১২ জনের বহিষ্কারের প্রেস রিলিজ রেডি করে রাখেন। রাবি ছাত্রদল এখন ল্যাংটা হবে। লজ্জায় মুখ দেখাতে পারবেনা কেউ?’
এর আগে একই দিন সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আহসান হাবিব, রাবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসান ও ছাত্রনেতা বিশাল চক্রবর্তীকে বহিষ্কার করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
এদিকে, রোববার (৪ অক্টোবর) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ প্রায় ১০ জন আহত হন। এ ঘটনায় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠে।
তবে হামলার ঘটনায় কারা জড়িত, তা নিয়ে বিভিন্ন পক্ষের ভিন্ন ভিন্ন বক্তব্য রয়েছে। বহিষ্কারের পর আহসান হাবিবের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রাবি ছাত্রদলের অভ্যন্তরীণ রাজনীতি ও নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
