মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 06 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
06 October 2026
অন্যান্য

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেপ্তার

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে পঞ্চগড় আদালতে হাজির করা হয়। এ সময় আদালত এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় পঞ্চগড়ের ইজিবাইকচালক আল আমিনকে গুম ও হত্যার অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়া বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগসহ তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা প্রথমবার দলের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।