06 October 2026
বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবীর আটক

পশ্চিমবঙ্গের রেজিনগরে উপনির্বাচন শুরুর পর আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক ও বাবরি মসজিদ নির্মাণের অন্যতম উদ্যোক্তা হিসেবে পরিচিত হুমায়ুন কবীরকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ভোটগ্রহণ শুরুর পর রেজিনগরের দলীয় কার্যালয় থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ভোটে অনিয়ম ও ‘ভোট লুটের’ অভিযোগ তোলার পরপরই এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে পরিবারের সদস্যদের নিয়ে শক্তিপুরে নিজের গ্রামের বুথে ভোট দেন হুমায়ুন কবীর। এরপর তিনি রেজিনগরে দলীয় কার্যালয়ে যান। সেখান থেকে তিনি ভোটকেন্দ্রে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়।
পুলিশের অভিযোগ, দলীয় কার্যালয়ে অবস্থান করে হুমায়ুন কবীর বিভিন্ন এলাকায় উত্তেজনা সৃষ্টির মতো বক্তব্য দিচ্ছিলেন। এ অভিযোগের পর রেজিনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অঞ্জন বর্মনের নেতৃত্বে পুলিশ দলীয় কার্যালয়ে যায়।
পুলিশ তাকে দলীয় কার্যালয় থেকে বাড়িতে চলে যেতে বললেও তিনি তা মানতে রাজি হননি বলে জানা গেছে। পরে পুলিশ তাকে গাড়িতে তুলে রেজিনগর থানায় নিয়ে যায়।
পুলিশের গাড়িতে ওঠানোর সময় হুমায়ুন কবীর বলেন, তাকে গ্রেপ্তার করা হচ্ছে নাকি আটক করা হচ্ছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
এদিকে হুমায়ুন কবীরকে আটকের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন রেজিনগরের বিজেপি প্রার্থী শাঁখারভ সরকার। তার অভিযোগ, ভোটের দিন ‘১০টি লাশ পড়বে’—এমন মন্তব্য আগে করেছিলেন হুমায়ুন। তার দাবি, দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যেই তিনি এমন বক্তব্য দিয়েছিলেন এবং পুলিশকে গালাগালি করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে পুলিশ ও হুমায়ুন কবীরের পক্ষ থেকে আটকের কারণ নিয়ে বিস্তারিত বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
