মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 06 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
06 October 2026
অন্যান্য

১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের

জম্মু-কাশ্মীরে অবৈধভাবে বসবাসের অভিযোগে শনাক্ত বাংলাদেশিদের মধ্যে প্রথম ধাপে ১৫০ জনকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে ভারত। সোমবার (৫ অক্টোবর) তাদের ভারতীয় বিমানবাহিনীর একটি বিমানে করে পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে নেওয়া হয়। পরে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) তথ্যের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জম্মু-কাশ্মীরে অবৈধ অভিবাসী শনাক্তে পরিচালিত জরিপের পর প্রায় ৫০০ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের শ্রীনগর শহরের উপকণ্ঠে পুলিশি নজরদারিতে রাখা হয়েছে। সেখান থেকেই প্রথম ধাপে ১৫০ জনকে বাছাই করে পশ্চিমবঙ্গে নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে নেওয়া এই ১৫০ জনকে বিএসএফের কাছে হস্তান্তর করা হবে এবং আগামী ৭ অক্টোবর তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি বছরের মে মাসে জনসংখ্যাগত পরিবর্তনসংক্রান্ত একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে। কমিটির প্রথম মাঠপর্যায়ের জম্মু-কাশ্মীর সফরের প্রায় দুই মাস পর বাংলাদেশিদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হলো।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে কাশ্মীর উপত্যকার বিভিন্ন এলাকায় বসবাস করে আসা এসব বাংলাদেশি মূলত ভাঙারি সংগ্রহসহ বিভিন্ন ধরনের শ্রমিকের কাজ করতেন।

এদিকে, আটক ব্যক্তিদের মধ্যে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকও রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। তাদেরও পর্যায়ক্রমে ভারত থেকে বহিষ্কারের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া তথ্য অনুযায়ী, জম্মু-কাশ্মীরে বর্তমানে ৭ হাজার ৬৫৬ জন রোহিঙ্গা এবং ৫০৪ জন বাংলাদেশি অবস্থান করছেন। তাদের বিরুদ্ধে মোট ১১৭টি মামলা রয়েছে বলেও জানানো হয়েছে।

ভারতের ওই উচ্চপর্যায়ের কমিটি অনিয়ন্ত্রিত অভিবাসন ঠেকানো এবং ধর্মীয় জনসংখ্যার পরিবর্তন পর্যালোচনা করে আগামী এক বছরের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস