মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 06 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
06 October 2026
অন্যান্য

সব কাজের বিরোধিতা করা এই বিরোধী দলের সংস্কৃতি নয়: গোলাম পরওয়ার

সরকারের সব কর্মকাণ্ডের বিরোধিতা করবে না বিরোধী দল। তবে সরকার কোনো ভুল করলে তা তুলে ধরা হবে। সেই ভুল সংশোধন না হলে প্রয়োজনে প্রতিরোধ করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, আগের সময়ের মতো সরকারের প্রতিটি কাজের বিরোধিতা করার নীতি অনুসরণ করবে না বিরোধী দল। সরকার ভুল করলে তা ধরিয়ে দেওয়া হবে। তবে ভুল সংশোধন না করা হলে প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে।

আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠেয় বাটেক্সপ্রো মেলার সমাপনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতাকে প্রধান অতিথি না করার বিষয়েও কথা বলেন তিনি। এটিকে রাজনৈতিক ও সংকীর্ণ দলীয়করণের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, এ ধরনের সিদ্ধান্ত মানুষের কাছে ভুল বার্তা দিতে পারে। এর নেতিবাচক প্রভাব অর্থনীতিতেও পড়তে পারে।

তিনি বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবেই। তবে রাজনৈতিক ঐতিহ্য ও রীতিনীতি ভেঙে পড়লে ব্যবসায়ী মহলেও ভুল বার্তা যেতে পারে।

বৈঠকে দেশের টেক্সটাইল শিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকার।

তিনি বলেন, বৈঠকে বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ ও ট্যাক্সসংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। শিল্প খাতের এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।