মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 06 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
06 October 2026
অন্যান্য

দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে লোহার রড দিয়ে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজসংলগ্ন টাওয়ার এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আহতরা হলেন—আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তা মো. নাজমুল (৩২) ও রাসেল (২৮)।

ব্যাংক এজেন্ট শাখার স্বত্বাধিকারী ফিরোজ হোসেন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরের আগে নাজমুল ও রাসেল সান্তাহার ইসলামী ব্যাংক থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন। এর সঙ্গে নিজেদের আরও ৪ লাখ টাকা যোগ করে মোট ৩৪ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে তারা আবাদপুকুরের দিকে রওনা হন।

পথে পারইল ব্রিজসংলগ্ন টাওয়ার এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত চার ব্যক্তি তাদের পথরোধ করেন। কিছু বুঝে ওঠার আগেই তারা লোহার রড দিয়ে দুই কর্মকর্তাকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে কর্মকর্তাদের কাছে থাকা ৩৪ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যান তারা।

পরে স্থানীয়রা আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি ছিনতাই হওয়া টাকা উদ্ধারে অভিযান চলছে।