মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 07 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
06 October 2026
অন্যান্য

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিধান ফিরছে

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে পুনর্বহালের পাশাপাশি ভবিষ্যতে এই ব্যবস্থা পরিবর্তন করতে হলেও জনগণের অনুমোদন নেওয়ার বিধান রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের প্রতিনিধি ও ‘জুলাই যোদ্ধা’দের সঙ্গে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদে থাকা গণভোটের বিধান পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়েছিল। আদালত ওই বাতিলের সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করায় সংশোধিত সংবিধানে গণভোটের বিধান পুনরায় অন্তর্ভুক্ত করা হবে।

তিনি বলেন, সংবিধানের প্রস্তাবনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও মৌলিক বিষয়গুলোতে পরিবর্তন আনা হলে রাষ্ট্রপতির অনুমোদনের আগে গণভোটের ব্যবস্থা করতে হবে। এটিকে তিনি ‘সাংবিধানিক গণভোট’ হিসেবে উল্লেখ করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আমরা কেন ধারণ করব, সেই বিষয়গুলোও সংবিধানের সংশোধনীতে আসবে।’ একই সঙ্গে ৪৮ ও ৫৬ অনুচ্ছেদেও পরিবর্তন আসতে পারে বলে জানান তিনি।

গণভোটের বিধান নিয়ে সমালোচনার জবাবে মন্ত্রী বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ১৪২ অনুচ্ছেদ থেকে গণভোটের বিধান বাতিল করা হয়েছিল। তবে আদালত ওই বাতিলকে অসাংবিধানিক ঘোষণা করেছে। ফলে আগের বিধানই সঠিক বলে বিবেচিত হচ্ছে।

এ প্রসঙ্গে ‘ডকট্রিন অব ইক্লিপস’-এর কথা উল্লেখ করে তিনি বলেন, কোনো সাংবিধানিক বিধানকে অসাংবিধানিক ঘোষণা করা হলে তা আইনগতভাবে কীভাবে কার্যকর হবে, সেটির সঙ্গে এ নীতির সম্পর্ক রয়েছে। তবে বিষয়টি পূর্ণাঙ্গভাবে সংবিধানে প্রতিস্থাপনের জন্য সংসদীয় প্রক্রিয়ার প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে পুনর্বহাল করার পর ভবিষ্যতে কেউ এটি পরিবর্তন করতে চাইলে তাকেও জনগণের কাছে যেতে হবে। এ জন্য গণভোটের বিধান সাংবিধানিক সংশোধনীতে রাখা হবে।

তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনরায় সংবিধানে অন্তর্ভুক্ত করলে ভবিষ্যতে কেউ যাতে সহজে পরিবর্তন করতে না পারে, সেজন্য পরিবর্তনের ক্ষেত্রেও জনগণের অনুমোদনের ব্যবস্থা রাখতে হবে।’

১৯৭৯ সালে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে ১৪২ অনুচ্ছেদে গণভোটের বিধান যুক্ত করা হয়। পরে ২০১১ সালে আওয়ামী লীগ সরকারের করা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গণভোটের বিধান বাতিল করা হয়। একই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাও সংবিধান থেকে বাদ দেওয়া হয়।

২০২৬ সালের ৯ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পঞ্চদশ সংশোধনীর মূল অংশগুলো অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রাখেন। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহালের বিষয়টি নতুন করে সাংবিধানিক আলোচনায় আসে।

আদালতের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পাওয়ার পর আইন মন্ত্রণালয় সংবিধানের সংশোধিত রূপ প্রকাশ করবে বলে জানা গেছে। সেখানে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাদ পড়া গণভোট ও তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত বিধান পুনঃস্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত হওয়ার কথা রয়েছে।