মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 07 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
07 October 2026
অন্যান্য

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৪ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৪ গ্রাউন্ড-লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্রের বর্ধিত সংস্করণের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। 

মঙ্গলবার (৬ অক্টোবর) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, পরীক্ষামূলক উৎক্ষেপণের মাধ্যমে ক্ষেপণাস্ত্রটির বিভিন্ন সাবসিস্টেমের অতিরিক্ত কারিগরি সক্ষমতাও যাচাই করা হয়েছে। এসব প্রযুক্তি ক্ষেপণাস্ত্রটির নির্ভুলতা বাড়ানোর পাশাপাশি প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার সক্ষমতা উন্নত করার জন্য যুক্ত করা হয়েছে।

মঙ্গলবারের উৎক্ষেপণ পাকিস্তান সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি ক্ষেপণাস্ত্রটির উন্নয়নে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীরা প্রত্যক্ষ করেন।

সফল পরীক্ষার পর সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তিন বাহিনীর প্রধানরা। তারা এই সাফল্যের পেছনে থাকা বিজ্ঞানী, প্রকৌশলী ও সংশ্লিষ্টদের প্রযুক্তিগত দক্ষতা, নিষ্ঠা ও দায়িত্ববোধের প্রশংসা করেন।

এর আগে চলতি বছরের মে মাসে ফাতাহ-৪ গ্রাউন্ড-লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ চালিয়েছিল পাকিস্তান। এবার সেই ক্ষেপণাস্ত্রের বর্ধিত সংস্করণের পরীক্ষা করা হলো।

এদিকে, চলতি বছরের শুরুতে পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতেহ-২ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ চালায়। ২৮ এপ্রিল আইএসপিআর জানায়, ওই পরীক্ষায় কৌশলগত পরিকল্পনা বিভাগ, আর্মি রকেট ফোর্স কমান্ড, পাকিস্তান সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কৌশলগত সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

এর মাত্র এক সপ্তাহ আগে পাকিস্তান নৌবাহিনী তাইমুর এয়ার-লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল সরাসরি উৎক্ষেপণ পরীক্ষা চালায়। পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রকে জাহাজবিধ্বংসী অস্ত্র ব্যবস্থা হিসেবে উল্লেখ করা হয়েছে।

একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পাকিস্তানের নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টারই ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: জিও নিউজের