মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 08 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
07 October 2026
অন্যান্য

সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক ডা. আ ক ম জামাল উদ্দিনকে (৫৬) সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান অধ্যাপক জামাল উদ্দিনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী খায়ের উদ্দিন শিকদার তার জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে দেওয়া পুলিশের আবেদনে বলা হয়, ২০২৫ সালের ১৮ মে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্য, অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতারা রাজধানীর গুলিস্তান, বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে সমবেত হন। ওই সময় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের বিপরীতে হোটেল ইম্পেরিয়ালের সামনে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে পুলিশ। এ সময় আরও প্রায় ১৪০ থেকে ১৫০ জন বিভিন্ন দিকে পালিয়ে যান।

পুলিশের দাবি, মামলার তদন্তে অধ্যাপক জামাল উদ্দিনের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তিনি নিষিদ্ধ সংগঠনের সদস্যপদ গ্রহণ, সংগঠনের আদর্শ ও কর্মকাণ্ডে সমর্থন এবং অপরাধের ষড়যন্ত্র ও প্রচেষ্টার সঙ্গে জড়িত ছিলেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ঢাকায় বিভিন্ন সরকারবিরোধী মিছিল ও সভায় তার নেতৃত্ব দেওয়ার তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া গেছে বলেও দাবি করেছে পুলিশ। এসব অভিযোগের ভিত্তিতে ১৯ মে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।

এর আগে একই আইনের অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে গত ১১ মার্চ থেকে কারাগারে রয়েছেন অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন।