07 October 2026
মা ইলিশ রক্ষায় আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ বুধবার (৭ অক্টোবর) মধ্য রাত থেকে সারা দেশের মতো বরগুনাতেও শুরু হচ্ছে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা। চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।
এ উপলক্ষে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বরগুনা জেলা মৎস্য দপ্তর।
অভিযান চলাকালে পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীসহ জেলার সকল নদ-নদী এবং সংলগ্ন সাগরে ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. জিয়া উদ্দিন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরলে বা বিক্রি করলে ১ থেকে ২ বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। দ্বিতীয়বার অপরাধ করলে শাস্তি দ্বিগুণ হবে।
তিনি বলেন, অভিযান সফল করতে বিভিন্ন পর্যায়ে সচেতনতামূলক সভা, উঠান বৈঠক ও পথসভা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ মৎস্য ঘাট, আড়ৎ ও বাজারে ফেস্টুন, ব্যানার টানানো ও লিফলেট বিতরণ করা হয়েছে। পাশাপাশি জেলে পল্লীগুলোতে মাইকিং চলছে।
তিনি আরও জানান, অভিযান চলাকালে জেলা প্রশাসন, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে নদীতে টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
খাদ্য সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, বরগুনা জেলায় নিবন্ধিত ৫২ হাজার জেলের মধ্যে সরকারিভাবে ২৯ হাজার ৪৬৯ জন জেলেকে ২৫ কেজি করে চাল সহায়তা দেওয়া হবে। আগামী সপ্তাহের মধ্যেই এ চাল বিতরণ করা হবে।
জেলে কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, প্রতি বছর জেলে কার্ড হালনাগাদ করা হয়। সুনির্দিষ্ট অভিযোগ পেলে যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে। যাচাই-বাছাইয়ে প্রকৃত জেলে প্রমাণিত হলে নতুন জেলেদেরও কার্ড দেওয়া হবে।
