মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 07 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
07 October 2026
অন্যান্য

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না: রিজভী

দেশ ও জাতির প্রশ্নে জাতীয়তাবাদী শক্তি কখনো আত্মসমর্পণ করবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রের লড়াই করছি, সবকিছু করছি। কিন্তু দেশের প্রশ্নে, জাতির প্রশ্নে আমরা কখনোই আত্মসমর্পণ করব না। আমরা আমাদের যে অস্তিত্ব, আমাদের যে ভূমি— এটিকে রক্ষা করার জন্য শেষ পর্যন্ত লড়াই করব।’

বুধবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আবরার ফাহাদের আত্মদানের মধ্য দিয়ে ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী’ কথাটি নতুন করে প্রমাণিত হয়েছে। তিনি বলেন, ‘তোমরা হয়তো অনেক কিছুই করতে পারো, অনেক চুক্তি করতে পারো। কিন্তু জনগণ বিনা যুদ্ধে আমার স্বার্থের বাইরে কিছু যায়, সেখানে আপস করবে না।’

তিনি আরও বলেন, আবরারের আত্মদানকে শুধু একটি হত্যাকাণ্ড হিসেবে দেখলে হবে না। তার ফেসবুক পোস্টের প্রতিটি শব্দ ছিল অত্যন্ত ধারালো, শানিত ও তীক্ষ্ণ। দেশের শত্রু এবং যারা বাংলাদেশকে করায়ত্ত করতে ও আগ্রাসী থাবার মধ্যে রাখতে চায়, তাদের বিরুদ্ধে আবরারের বক্তব্য ছিল প্রতিবাদের ভাষা।

রিজভী বলেন, আবরারকে আক্রমণ ও হত্যার মধ্য দিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছিল, যাতে এ ধরনের কথা লিখতে আর কেউ সাহস না করে। কিন্তু সেই বার্তা ভুল প্রমাণিত হয়েছে। বরং আবরারের মৃত্যু গোটা জাতিকে আরও বেশি সংগঠিত করেছে এবং আগ্রাসী ও সম্প্রসারণবাদী শক্তির বিরুদ্ধে মানুষের প্রতিরোধের শক্তির স্ফুরণ ঘটিয়েছে।

তিনি বলেন, ‘আবরার এদেশের জাতীয়তাবাদী শক্তির এক অনন্য উজ্জ্বল প্রজ্জ্বল প্রতীক। এই প্রতীককে কেউ অবগুণ্ঠন করে রাখতে পারবে না, একে কখনো কুণ্ঠিত করতে পারবে না।’

রিজভী আরও বলেন, জাতীয়তাবাদী শক্তির বিভিন্ন সংগঠন এবং বিএনপির অঙ্গসংগঠনগুলো এই চেতনা ধারণ করে। জাতীয়তাবাদী ছাত্রদলও এর অংশ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও পতাকা রক্ষায় সবাইকে শেষ পর্যন্ত লড়াই করার আহ্বান জানান তিনি।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং শহিদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ।

এ ছাড়া আলোচনা সভায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ, ঢাকা কলেজ এবং ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও পূর্ব ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।