মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 07 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
07 October 2026
অন্যান্য

পঞ্চগড়ের মীরগড়ে করতোয়া নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের অনুমোদন

পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকল্পটি অনুমোদনের খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।

প্রকল্প অনুযায়ী, তেঁতুলিয়া উপজেলার ভজনপুর থেকে সদর উপজেলার মীরগড় সড়কের মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর সেতুটি নির্মাণ করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ২০৩ কোটি ৫২ লাখ টাকা। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন মাসের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, বর্তমানে করতোয়া নদীর ওপর একটি কাঠের সেতু দিয়ে দুই পাড়ের মানুষ ও যানবাহন চলাচল করে। এই সেতু দিয়ে যাতায়াতে প্রতিদিন জনপ্রতি ১০ টাকা টোল দিতে হয়। এছাড়া বর্ষাকালে ও ভারী যানবাহন চলাচলের সময় চরম ভোগান্তিতে পড়তে হয়। কৃষিপণ্য পরিবহন, অসুস্থ রোগীদের জরুরি চিকিৎসা এবং শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের কাজে জেলা সদরে যাতায়াতেও দীর্ঘদিনের দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। নতুন সেতু নির্মাণের খবরে বুধবার বিকেলে মীরগড় এলাকায় স্থানীয়রা একত্রিত হয়ে মিষ্টি বিতরণ করেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা জয় বলেন, কাঠের সেতু দিয়ে যাতায়াত করা অত্যন্ত কষ্টসাধ্য। নতুন সেতু নির্মাণের খবর আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আসিম উদ্দিন নামে আরেক বাসিন্দা জানান, সেতুটি নির্মিত হলে কৃষিপণ্য বাজারজাতকরণসহ শিক্ষা ও চিকিৎসার জন্য পঞ্চগড় শহরে যাতায়াত সহজ হবে।

পঞ্চগড় সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোতাহার আলী বলেন, মীরগড় এলাকায় দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণের প্রকল্পটি একনেকে অনুমোদিত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীর দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং পণ্য পরিবহন ও যোগাযোগব্যবস্থায় নতুন গতির সঞ্চার হবে।