08 October 2026
আশুলিয়ায় পানির ট্যাংকির পাশে প্রবাসীর স্ত্রীর রক্তাক্ত মরদেহ

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে রোকসানা বেগম (৪০) নামে এক প্রবাসীর স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।
বুধবার (৭ অক্টোবর) রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের উত্তর কলতাসূতি মরিচকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রোকসানা বেগম গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দক্ষিণ পাকুল্লা এলাকার দুবাইপ্রবাসী মকবুলের স্ত্রী। প্রায় দুই মাস ধরে তিনি ওই এলাকার একটি নির্মাণাধীন পাঁচতলা ভবনের তৃতীয় তলায় বসবাস করছিলেন।
স্বজনরা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছাদে থাকা পানির ট্যাংকি দেখতে যান রোকসানা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি নিচে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে ছাদের এক পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে আসে আশুলিয়া থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা।
পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।
নিহতের ভাই ইরাক বলেন, বুধবার সন্ধ্যা ৭টার দিকে তার বোনের সঙ্গে ফোনে কথা হয়। এর কিছুক্ষণ পরই তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। রাত সাড়ে ৯টার দিকে বোনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তিনি।
পুলিশের প্রাথমিক তদন্তে নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এতে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থলের বিভিন্ন আলামত সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। তদন্তের অগ্রগতির সঙ্গে হত্যার রহস্য উন্মোচন হবে বলে আশা করছে পুলিশ।
