09 October 2026
লালমনিরহাটে ৫৬ বস্তা মজুত করা সার জব্দ, জরিমানা

লালমনিরহাটের কালীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত করা সার উদ্ধার ও জব্দ করা হয়েছে। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সারগুলো বাজেয়াপ্ত করেন ভ্রাম্যমাণ আদালত এবং অর্থদণ্ড প্রদান করেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা এসব সার উদ্ধার ও জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল কালীগঞ্জ উপজেলার ৩ নম্বর তুষভান্ডার ইউনিয়নের চর বৈরাতি গ্রামের বাসিন্দা জামাল মাস্টারের বাড়িতে অভিযান চালায়। তল্লাশিকালে ওই বাড়ি থেকে অবৈধভাবে মজুত করে রাখা ৫৬ বস্তা ইউরিয়া, ডিএপি ও এমওপি (পটাশ) সার উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
অভিযান শেষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সার আইন লঙ্ঘনের দায়ে জব্দকৃত ৫৬ বস্তা সার বাজেয়াপ্ত করার আদেশ দেন এবং অপরাধের সাথে যুক্ত থাকায় ১৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
