মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 09 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
09 October 2026
অন্যান্য

মায়ের মাথায় হাত বুলিয়ে নবজাতক চুরি, হাসপাতাল থেকে পালাল নারী

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে তিন দিন বয়সী এক নবজাতক ছেলেশিশু চুরির অভিযোগ উঠেছে এক অজ্ঞাতপরিচয় নারীর বিরুদ্ধে। প্রসূতি মায়ের সঙ্গে সখ্য গড়ে তুলে সহযোগিতার কথা বলে শিশুটিকে কোলে নেওয়ার পর ওই নারী পালিয়ে যান বলে জানিয়েছে পরিবার।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালজুড়ে উদ্বেগ ও শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চুরি হওয়া শিশুটি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের শামীম মিয়া ও মরিয়ম বেগম দম্পতির প্রথম সন্তান।

পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার প্রসবব্যথা নিয়ে মরিয়ম বেগম ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি হন। পরদিন মঙ্গলবার দুপুরে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। বিয়ের তিন বছর পর প্রথম সন্তান ছেলে হওয়ায় পরিবারে ছিল আনন্দের পরিবেশ।

শিশুটির পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাতপরিচয় এক নারী রোগীর স্বজন পরিচয়ে মরিয়ম ও তাঁর মায়ের সঙ্গে সখ্য গড়ে তোলেন। একপর্যায়ে প্রসূতি মা ব্যথা অনুভব করলে ওই নারী সহযোগিতার কথা বলে নবজাতককে কোলে নেন। পরে সুযোগ বুঝে শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি।

ঘটনার পরপরই পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা হাসপাতালে গিয়ে তদন্ত শুরু করেন। ওই নারীর পরিচয় শনাক্ত এবং নবজাতককে উদ্ধারে কাজ করছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে শিশুটির পরিবার ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলা হয়েছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। ওই নারীকে শনাক্ত ও নবজাতককে উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে। এদিকে, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ ও নিরাপদ স্থানে নবজাতক চুরির ঘটনায় রোগী ও স্বজনদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত শিশুটিকে উদ্ধার করে পরিবারের কোলে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্বজনেরা।