মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Saturday, 10 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
10 October 2026
অন্যান্য

ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা ও জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ পরিস্থিতির প্রভাব মোকাবিলা এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখতে আইনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া শহরের টিটু মিলনায়তনে জুলাই-২৪ গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিশ্বরাজনীতি বর্তমানে অস্থির সময় পার করছে। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে এবং জ্বালানি সংকট দেখা দিয়েছে। বাংলাদেশ এ পরিস্থিতি যথাযথভাবে মোকাবিলা করতে না পারলে বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়তে পারে।

তিনি বলেন, ‘এই ইরান যুদ্ধের ফলে যে অবস্থার সৃষ্টি হয়েছে, সেখান থেকে পরিত্রাণ পেতে এবং অর্থনীতির চাকা সচল রাখতে হলে আমাদের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এবং দেশকে সঠিক পথে নিয়ে যেতে হবে।’

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, দীর্ঘ ১৫ থেকে ১৭ বছরের শাসনের পর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে। ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতাদের সম্মিলিত আন্দোলনের ফলে এ পরিবর্তন এসেছে।

গণতন্ত্রকে টিকিয়ে রাখতে আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের নিজ নিজ কাজে ফিরে গিয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের পর কয়েকজন ছাত্রনেতার সরকারে যোগ দেওয়া ও নতুন রাজনৈতিক দল গঠনের প্রসঙ্গ তুলে ধরে টুকু বলেন, তাঁদের রাজনৈতিক কর্মকাণ্ড গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য নিয়ে প্রশ্ন তৈরি করেছে। এ সময় গত ১৭ বছর ধরে আন্দোলনে বিএনপির ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বিদ্যুৎমন্ত্রী বলেন, সড়ক অবরোধ ও মবের মতো কর্মকাণ্ড থেকে সবাইকে সরে আসতে হবে। আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী।

জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি, রাজশাহী বিভাগের সভাপতি উজ্জল হোসেন জোবায়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির এবং আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক।

এ ছাড়া বক্তব্য দেন বগুড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান, বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফারজানুল হক নির্ঝর, জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটির চেয়ারম্যান গোলাম রহমান, আমরা জুলাই যোদ্ধা সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম ইমন, সাধারণ সম্পাদক রবিউল আওয়াল তুহিন এবং বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের জুলাই আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।