মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 13 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
12 October 2026
অন্যান্য

ভালুকায় ভুয়া ডাক্তারকে কারাদণ্ড ও প্রতিষ্ঠান সিলগালা

ময়মনসিংহের ভালুকায় সরকারি নীতিমালা অমান্য করে অবৈধভাবে পরীক্ষা-নিরীক্ষা, নরমাল ডেলিভারি ও আল্ট্রাসনোগ্রাম পরিচালনা এবং ভুয়া ডাক্তার পরিচয়ে প্রতারণার দায়ে রেহেনা সিদ্দীকা নামে এক নারীকে চার দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ‘জনসেবা হোমিও হল’ নামের তার প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, বাংলাদেশ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা আইন অমান্য করে প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে রোগী দেখা, পরীক্ষা-নিরীক্ষা ও আল্ট্রাসনোগ্রাম কার্যক্রম চলছিল। পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির পরিচালক ও নিজেকে মা ও শিশু রোগ বিশেষজ্ঞ পরিচয়দানকারী রেহেনা সিদ্দীকা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. সামছুল ইসলাম রমিজ এবং পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শাহাব উদ্দিন।